রামগঞ্জে ৫০০ টাকার নমুনা নোট দিয়ে ফাঁদ পেতে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রামগঞ্জে নূর প্রোডাক্টস নামের একটি কোম্পানি হুবহু ৫০০ টাকা নোটের আদলে শিশুদের মনোপলি খেলার জন্য ডামি নোট বাজারে ছেড়েছে, যা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি আসল নোট নয়।
টাকাটিতে জলছাপ ছাড়া বঙ্গবন্ধুর ছবি, টাকার সিরিয়াল নম্বর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের স্বাক্ষরসহ টাকাতে যা যা থাকার সবই আছে। প্রথম দেখাতে দেখে বোঝার কোনো উপায় নেই যে, এটি একটি খেলনা টাকা।
লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারা বেগম জানান, কয়েকদিন আগে সোনাপুর বাজারের একটি দোকান থেকে ডাল কিনে দোকানিকে এক হাজার টাকার নোট দিলে ডালের দাম বাবদ ২২০ টাকা রেখে দোকানদার ৫০০ টাকা সমেত বাকি টাকা ফিরিয়ে দেন। আমি ভালো করে না দেখে টাকা নিয়ে বাড়ি ফিরে আসি। পরদিন টাকা বের করলে নকল টাকাটি দেখতে পাই।
আমি দোকানদারের কাছে ফিরে গেলে দোকানদার ওই টাকা দেয়নি বলে দাবি করেন। স্থানীয় হারুনুর রশিদ, রায়হান মাস্টারসহ অনেকেই এ ধরনের প্রতারণা শিকার হয়েছেন জানিয়েছেন।
রায়হান মাস্টার জানান তিনি ১০ টাকা মূল্যমানের টাকাও হাতে পেয়েছেন। যা দেখে আসল নকল চেনার কোনো উপায় নেই। ভুক্তভোগী মহলের দাবি দ্রুত এসব খেলনা টাকার প্রতারণা বন্ধ করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। কোনো অভিযোগও পাইনি। তার পরও আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।



