একটানা ষষ্ঠ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু । দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত ইমেজের কারণে বার বার নির্বাচিত হচ্ছেন তিনি।
শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী আতোয়ার তালুকদার ফজু। তার বাবার নাম মৃত খয়রাত আলী তালুকদার এবং মায়ের নাম মৃত হামিদা বেগম। তিনি ১৯৯২ সালে তৎকালীন বগুড়া সদর উপজেলার অন্তর্ভূক্ত গোহাইল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
দীর্ঘ ৩০ বৎসর সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এবারের নির্বাচনে তিনি আবারো বিপুল ভোটে জিতলেন। তিনি একটানা চারটি নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলেও বিগত দুটি নির্বাচনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে পেয়েছেন ১০ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল মান্নান (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৮২১ ভোট।
স্থানীয়রা জানান, স্বচ্ছতার সাথে উন্নয়ন, সন্ত্রাস ও মাদক বিরোধী কঠোর অবস্থানের কারণে তার জনপ্রিয়তায় কেউ চিড় ধরাতে পারেনি।
দীর্ঘ ৩০ বছর একাধারে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো, অন্যায় প্রতিরোধে তাৎক্ষনিক বিচার শালিস করা, সরকারী বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ভাল ব্যবহার করলে মানুষের হৃদয়ে স্থান পাওয়া সহজ। তিনি আগামী দিনে এলাকার উন্নয়ন ও গরীবদুঃখী মানুষের প্রতি তার অবদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
৬ বার নির্বাচিত হলেন ফজু চেয়ারম্যান
একটানা ষষ্ঠ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু...



