কক্সবাজারের চকরিয়া উপজোলার ফাসিঁয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন হেলালীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা যায়, র‌্যাবের  করা দু’টি মামলায় চেয়ারম্যান হেলালী ওই মামলায়  রোববার জামিন চেয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০১৯ সালে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র‌্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ব্যাবের ওপর হামলা চালানোর ঘটনায় দু’টি মামলা হয়। ওইসব মামলায় হেলাল উদ্দিন আসামি ছিলেন। মামলা দু’টির চার্জশীটও প্রদান করে পুলিশ।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট লুৎফুল কবির জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/১৯ ও জিআর ১৯৪/১৯ দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। রোববার সকালে জামিন চাইতে গেলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য চতুর্থ দফায় ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। মো. হেলাল উদ্দিন ফাঁশিয়াখালী ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী।