দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে ২০টি গরু মারা যাওয়ার ঘটনায় দু’টি বিশেষ তদন্ত টিম গঠন করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। তদন্ত টিমের সদস্যরা এলাকাবাসীকে সতর্ককরণসহ রহস্য উদঘাটনে কাজ করছেন। তদন্ত টিম প্রাথমিকভাবে ধারণা করছে, বিষক্রিয়ার কারণেই ওই গরুগুলোর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে (ফুলবাড়ী-মাদিলাহাট সড়ক) ব্যাটারি রিসাইকেল কারখানার স্থানে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেন তদন্ত টিমের সদস্যরা।
উপজেলার প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: নেয়ামত আলীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: শাহানুর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট অপর একটি তদন্ত টিম এ অঞ্চলে সাম্প্রতিক গরু মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।
ভেটেরিনারি সার্জন ডা: নেয়ামত আলী বলেন, টিমের সদস্যরা সরেজমিন তদন্ত করছে। ধারণা করা হচ্ছে এটি বিষক্রিয়ার কারণে ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীকে সর্তকীকরণসহ গরু খামারিদের বিভিন্ন দিকনিদের্শনা দেয়া হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে ওই এলাকার আশপাশের ঘাস ও খড় গবাদিপশুকে না খাওয়ানোর জন্য বলা হচ্ছে। কারখানা এলাকার বিষাক্ত মাটি, ঘাস ও খড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।