কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর বারুইটারী গ্রামে গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে সহিংসতায় পুলিশের সাথে জনতার সংঘর্ষের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ১৭ জনের নামোল্লেখ এবং আরো অজ্ঞাত ৬৫ জনকে আসামি করায় পুলিশ আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। এ ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকাটি।
গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ায় মহিলারা তাদের সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে এলাকার কিছু অসাধু মানুষ প্রতি রাতে ছদ্মবেশে চর বারুইটারী গ্রামে ঢুকে মহিলাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এলাকায় তান্ডব চালিয়ে আসছে।
চর বারুইটারী গ্রামের আছমা বেগম, মাজেদা বেগম, ছকিনা বেগম, মালেকা বেওয়া, আকলিমা বেগম বলেন, ভোট কেন্দ্রে মারামারির বিষয়ে আমরা কিছু জানি না। পুলিশ আতঙ্কে গ্রাম পুরুষ শূন্য এবং আমরাও ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারি না। ভোটে হেরে যাওয়ায় কেন্দ্র থেকে মেম্বার প্রার্থী আবদুল হামিদ মণ্ডল ও নুর মোহাম্মদ খোকা মণ্ডল চলে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পরে পুলিশের সাথে জনতার সংঘর্ষ হয়।
ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় কাউকে হয়রানি করা হচ্ছে না। কেন্দ্রে ভোটগণনা শেষে পরাজিত মেম্বার প্রার্থীদের নির্দেশে শতাধিক লোক মোবাইল টিমের মাইক্রোবাসের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। কেউ যাতে বিনা দোষে হয়রানির শিকার না হয় সে বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) কে মামলার তদন্তভার দেয়া হয়েছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।