বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে নিখোঁজ রয়েছেন। ১১ দিনেও ট্রলারসহ ১১ জেলের সন্ধান পাওয়া যায়নি।
বুধবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৭ নভেম্বর) সকালে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলে সাগরে রওয়ানা হয়ে যায়। ওই ট্রলারের মালিক মো: হাবিবুর রহমান। তার বাড়ি বরগুনার নলটোনা ইউনিয়নে।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত শনিবার সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য পাথরঘাটা থেকে যান তারা। এরপর আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারেন।
তিনি আরো বলেন, বুধবার সকালে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরা ট্রলার নিয়ে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে ছয় জেলে নিখোঁজ ট্রলারটি অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটার স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট এইচ এম এম হারুন অর-রশীদ মোবাইল ফোনে বলেন, ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ রকমের খবর আমাদেরকে জানানো হয়েছে। উচ্চ মহলের পরামর্শ অনুযায়ী সকাল থেকেই অনুসন্ধানে আমাদের টিম কাজ করছে।






