ভুট্টা ক্ষেতে চাষি সেজে পালিয়েও লাভ হলো না। অবশেষে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি এলাকা থেকে সাজাপ্রাপ্ত এই আসামি গ্রেফতার হয়।

গ্রেফতার আয়নাল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মৃত আবুল কবিরাজের ছেলে। 

জানা যায়, আব্দুল কাদের নামের এক ব্যক্তি ২০২০ সালে আয়নালের নামে চেক প্রতারণার একটি মামলা করেন। সেই মামলায় ৪ মাসের  সাজা হয় আয়নালের। সাজা থেকে বাঁচতেই আসামি আয়নাল দিনের বেশির ভাগ সময় ভুট্টা ক্ষেতে চাষির বেশে লুকিয়ে থাকতেন।তবে চাষির ছদ্মবেশও শেষ রক্ষা হয়নি তার। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকেই গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন পিপিএম জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে হাসনহাটি গ্রামে আয়নালকে ধরতে অভিযান চালানো হয়। এসময় সে পালিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে চাষি সেজে কাজ করতে থাকে।পরে পুলিশের আভিযানিক দলটি খুব সতর্কতার সাথে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।'

উল্লেখ্য, আয়নালকে একটি চেক প্রতারণা মামলায় গত ৪ ডিসেম্বর যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে ৪ মাস কারাদন্ডাদেশ এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এরপর থেকেই তিনি পলাত কছিলেন।