জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ নূর ইসলাম বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মন্ডলের দুই ছেলে শেকেন্দার আলী ও শহীদুল ইসলাম এবং পার্শবতী ক্ষেতলাল উপজেলার উলিপুর জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।

মামলার বিবরণে জানা গেছে, আওয়ালগাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে আবু তাহেরের সাথে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতে তার দণ্ডপ্রাপ্ত দুই ভাইসহ ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়ন কক্ষে প্রবেশ করে। এ সময় আসামিরা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরদিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী আক্কেলপুর থানায় মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে, আদালত এ রায় দেন। এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল।