গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ বলেছেন, সদ্য বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের কোনো অভাব ছিল না। তবে তার আচার-ব্যবহার তথা নৈতিকতার অনেক অভাব ছিল। তার ভেতরে কোনো শ্রদ্ধাবোধ ছিল না। সিনিয়র নেতাদেরকে তুচ্ছজ্ঞান করতেন। আমাদের কাউন্সিলরদের পরামর্শ ও মতামতকে কোনো গুরুত্ব দিতেন না। একক সিদ্ধান্তে সিটি করপোরেশন পরিচালনা করতেন।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মেয়র গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনের কাউন্সিলর ও এলাকাবাসীর সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আগামী সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলের সঞ্চালনায় গাছা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাসিকের দ্বিতীয় প্যানেল মেয়র ও ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল আলিম মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: নাসির উদ্দিন মোল্লা, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম প্রমুখ।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ বলেন, আমরা চেয়েছিলাম প্রাপ্ত উন্নয়ন বরাদ্ধ সুষম বণ্টনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সমালতালে কাজ করতে। কিন্তু, তিনি এমন এলাকায় কিছু প্রকল্প নিয়েছেন, যা এখন প্রয়োজন ছিল না। তিনি একক সিদ্ধান্তে কিছু এলাকায় ড্রেন করেছেন যেখানে এখনো বসতিই গড়ে উঠেনি। আরো ১০ বছর পর যেখানে ড্রেনের প্রয়োজন হতে পারে। আগামী ১০ বছর পর যখন ওইসব এলাকায় ড্রেনের প্রয়োজন হবে তখন হয়তো এসব ড্রেন নষ্ট হয়ে যাবে। অথচ, বর্তমানে যেসব এলাকায় ড্রেনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন খুবই জরুরি ছিল সেসব এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করেননি। আমরা কয়েকজন কাউন্সিলর তার এসব সিদ্ধান্তে দ্বিমত পোষণ করায় এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করায় তিনি আমাদেরকে শত্রু মনে করতেন।

উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র সকলের সহযোগিতা কামনা করে বলেন, চলমান কোনো প্রকল্পই বাতিল করা হবে না। তবে আগের চেয়ে বর্তমানে দায়িত্ব পালন করা অনেক বড় চ্যালেঞ্জ। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে যে সকল প্রতিবদ্ধকতা রয়েছে তা দূর করার জন্য এলাকাবাসী ও ওয়ার্ড কাউন্সিলরদের আন্তরিক সহযোগিতা চাই।