খুলনার পাইকগাছার চাঁদখালী এলাকায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি অবৈধ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।

এদিকে কপোতাক্ষ নদে জেগে ওঠা চরভরাটি কয়েকশত বিঘা জমি দীর্ঘ কয়েক বছর আগে থেকেই অবৈধ দখলদারদের কজ্বায় রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, স্থানীয় মান্নান গাজী, মঈনুল হোসেনসহ ১৩ জন মিলে নাম মাত্র একসনা বন্দোবস্ত নিয়ে প্রায় শতাধিক বিঘা জমি ভোগদখল করে আসছে।

স্থানীয়দের অনেকেই জানান, দিনে দিনে পলি জমে কপোতাক্ষের চর ভরাটি জমি বৃদ্ধি পাচ্ছে। আর নাম মাত্র বন্দোবস্ত নিয়ে দখলদারদের অবৈধ দখলের সীমানাও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় ময়না বেগমসহ অনেকেই বলেন, দীর্ঘ দিন যাবৎ ডিসি আর বন্ধ রয়েছে। তবুও কয়েক বছর আগের নামমাত্র বন্দোবস্ত নিয়ে জমি অবৈধ দখলদারদের কজ্বায় থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। প্রকৃত ভূমি হীনরাও বঞ্চিত হচ্ছে।

স্থানীয় বাবু সরদার, মুসফিকসহ ১২/১৩ জন যুবক বলেন, তারা কপোতাক্ষের অবৈধ দখলদারদের কজ্বায় থাকা চরভরাটি জমি দখল মুক্ত করে সেখানে বনায়ন শুরু করে কর্মমুখী হতে চায়। এ নিয়ে তাদের সাথে বর্তমান দখলদারদের চরম বিরোধ সৃষ্টি হয়েছে।

সৃষ্ট বিরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাজ বন্ধ করে দিয়ে তাৎক্ষণিক বিষয়টি নিয়ন্ত্রণ করেছে।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস বলেন, এর আগেও কপোতাক্ষের চরভাটি জমি দখল করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ওই সকল সরকারি জমি দখলমুক্ত করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, সরকারি সম্পত্তি কোনো অবস্থাতেই কাউকে দখল করতে দেয়া হবে না। এমনকি যদি কেউ অবৈধভাবে চরভরাটি সরকারি জমি দখল নিয়ে থাকে অবশ্যই তা তদন্ত পূর্বক দখলমুক্ত করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।