ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সঠিক পূর্বাভাস পেতে মৌলিক গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞানের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূরদর্শিতার স্বাক্ষর রেখে গেছেন।
ভিসি বলেন, বঙ্গবন্ধু সর্বদাই উপলব্ধি করতেন, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে আবহাওয়ার পূর্বাভাস জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই তিনি ১৯৭৫ সালে রাঙামাটির বেতবুনিয়ায় দেশের ১ম ভূ-উপগ্রহ স্থাপন করেছিলেন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের মিলনায়তনে ‘আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক. ড. নাসরীন আহমাদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: আজিজুর রহমান এবং এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ডি এ কাদির বিশেষ অতিথি ছিলেন।
এ সম্মেলনে ভারত, চীন, নেপাল, ভুটান, জাপান, মিশর, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছেন।
সূত্র : বাসস






