বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার স্বামী বীর মুক্তিযোদ্ধা মুহিতুল ইসলাম ফকিরের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে কফিনবাহী অ্যাম্বুলেন্সে করে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের আনা হয়। জুমার নামাজের পর ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক প্রমুখ।
পরে শব্দলপুর গ্রামের পারিবারিক করবস্থানে বীর মুক্তিযোদ্ধা মুহিতুল ইসলাম ফকিরের লাশ দাফন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন তিনি।