সরকারি টিকা নিতে জেলা সদরে যাতায়াত ও নাস্তা খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণকৃত টাকা ফেরত দিলেন মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান। শনিবার ব্যাপক সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, ১২ বছরের ঊর্ধ্বে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা প্রদানের নিদের্শনা দেন সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর ) সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আট শ’ ৪৫ জন শিক্ষার্থীকে জেলা সদরে নিয়ে টিকা দেয়া হয়। টিকা দেয়াকে কেন্দ্র করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পরিবহণ ও নাস্তা খরচের জন্য দু’শ’ করে প্রায় দেড় লক্ষাধিক টাকা নেয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মো: আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এতে সমালোচনার মুখে শনিবার বিকেলে মাইকিং করে টাকা ফেরত দেয়ার ঘোষণা দেয় স্কুল কর্তৃপক্ষ। রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণকৃত টাকা ফেরত দিতে শুরু করেছেন প্রধান শিক্ষক।

সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহণ ও নাস্তা খরচের জন্য যে টাকা নেয়া হয়েছিল ওই টাকা ফেরত দেয়া হচ্ছে।।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিরাজ-উদ-দৌল্লা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টি শুনে তাৎক্ষণিক ওই টাকা ফেরত দিতে বলি। আমার জানা মতে, টাকা ফেরত দেয়া শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।