কুড়িগ্রামের নাগেশ্বরীতে নেওয়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা করার সময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন সরকারের ওপর একই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজার রহমান মুকুলের সমর্থকদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রোববার নাগেশ্বরী থানা মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইউনিয়নের জাতীয় পার্টির সমর্থকরা।

বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন জাতীয় পার্টি নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক মেয়র আব্দুর রহমান মিয়া, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, জাতীয় যুবসংহতীর আহবায়ক শফিকুল ইসলাম মানিক,জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।

এর আগে শনিবার নির্বাচনী প্রচারণার সময় আমজাদ হোসেন সরকারের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা।

হামলায় আমজাদ হোসেন সরকারসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা বর্তমানে নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া নৌকার সমর্থকরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। একই সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।