কুড়িগ্রামের নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন সরকার ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে একই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মাহফুজার রহমান মুকুলের লোকজন।
হামলায় জাতীয় পার্টির প্রার্থীসহ ১০ জন আহত হয়ে নাগেশ্বরী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ছয়টি মোটরসাইকেল ও অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন জাতীয় পার্টির সমর্থকরা।
এ ঘটনার প্রতিবাদে ১২ ডিসেম্বর নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক মেয়র আবদুর রহমান মিয়া, নেওয়াশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, জাতীয় যুবসংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।