বরগুনা জেলার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার দাবিতে ইউনিয়নের আজগরকাঠি-নলী ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী ব্যবসায়ী সবুর হাওলাদার, তার পরিবারের সদস্যরা এবং এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।

আহত ব্যবসায়ীর স্বজনরা জানান, গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আজগরকাঠি এলাকায় সবুর হাওলাদারকে (৪৫) কুপিয়ে জখম করে একই এলাকার রুহুল আমিন, মিরাজ ও জহিরুল। এর আগের দিন সন্ধা সাড়ে সাতটার দিকে আজগরকাঠি এলাকায় দোকানের সামনে পাওনা টাকা নিয়ে তর্ক ও বাগবিতণ্ডা হয়। এসময় কোপানোর হুমকি দেয় রুহুল আমিন ও জহিরুল।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দাবি করেন, রুহুল আমিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এর আগেও তুচ্ছ ঘটনার জেরে এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করেছেন রুহুল আমিন। তার অত্যাচারে তারা অতিষ্ঠ।

শিগগিরই রুহুল আমিনসহ অন্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী।