লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিকের কান কেটে দিয়েছেন তার ভায়রা ভাই মোহাম্মদ শাহজাহান। একই সাথে পিটিয়ে আহত করা হয়েছে তার দুই ছেলে ডা: দাউদ সিদ্দিকী ও ডা: মাসুদ সিদ্দিকীকে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার মাস্টার আবুবকর ছিদ্দিক তোরাবগঞ্জ বাজারে তাদের ওয়ারিশী সম্পত্তির ওপর ঘর নির্মাণ করছিলেন। এ সময় তার আপন ভায়রা ভাই শাহজাহান ও তার ছেলে রাকিব হোসেন অতর্কিতে এসে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ওই সময় শাহজাহান দা দিয়ে শিক্ষক আবুবকর ছিদ্দিককে কোপ দিলে তার বাম কান ছিঁড়ে যায়। বাবাকে উদ্ধার করতে ছেলে দাউদ ও মাসুদ এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ডা: দাউদ সিদ্দিকি বলেন, স্থানীয় তোরাবগঞ্জ বাজারে আমাদের নানার ওয়ারিশী সম্পত্তিতে আমরা দোকানঘর নির্মাণ করতে গেলে আমার খালু শাহজাহান ও খালতো ভাই রাকিবসহ কয়েকজন মিলে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। এতে দা দিয়ে কোপ দিলে আমার বাবার কান ছিঁড়ে যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



