গাজীপুর জেলার কাশিমপুরের এক ও দুই নম্বর কেন্দ্রীয় কারাগারের এক হাজার দুই শ' কয়েদিকে করোনার টিকা দেয়া হয়েছে।
সোমবার কারাগার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই টিকা দেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. আবু সায়েম জানান, এই কারাগারে বন্দি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত প্রায় ছয় শ' কয়েদিকে টিকা দেয়া হয়েছে। কয়েদিদের এই টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
মো. আবু সায়েম বলেন, টিকা গ্রহণকারী বন্দিদের সকলের বয়স ১৮ বছরের ওপরে। পর্যায়ক্রমে সব কয়েদি ও হাজতিদের টিকার আওতায় আনা হবে।
অপরদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার রীতেশ চাকমা জানান, এ কারাগারেও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬০০ কয়েদিকে করোনা টিকা দেওয়া হয়েছে। কারাগারে টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনসহ অন্যরা।






