কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে তিন ভাইয়ের বসতবাড়ি। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পেকুয়ার পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, একই এলাকার মৃত আবুল আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মাদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার।
ক্ষতিগ্রস্তরা জানায়, তিন বসতবাড়ি ছাড়াও পুড়েছে গবাদি পশু হাঁস ও মুরগী। সব মিলিয়ে প্রায় ৩০
লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দূরে ক্ষেতের কাজ করতে চলে যায়। সকাল ৯টার দিকে নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। বসতভিটায় দাও দাও করে আগুন জ্বলতে থাকলে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও তার আগে তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্ত পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা দেন।



