মাগুরা সদর উপজেলার পাঁজাখোলা গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গোলাম নবী মোল্ল্যা (৭০) ও বাবুর আলী বিশ্বাস (৬০) নামে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা-নড়াইল মহাসড়কের পাঁজাখোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের স্বজন রফিক খান জানান, মাগুরা পারলা গ্রামে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে তারা দুজনই সদর উপজেলার চাদপুর গ্রাম থেকে বাসে চড়ে মাগুরার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে পাঁজাখোলা নামক স্থানে পৌঁছালে বাস দুর্ঘটনায় তারা দুজনই ঘটনাস্থলে মারা যান।
নিহত গোলাম নবী চাঁদপুর গ্রামের আব্দুল মোল্যার ছেলে ও বাবুর আলী একই গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: মঞ্জুরুল আলম জানান, মাগুরার উদ্দেশে মহম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে চাপা পড়লে বাসযাত্রী গোলাম নবী মোল্ল্যা ও বাবুর আলী বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় শারমিন, রাশিদা, নুর ইসলাম, মারুফ, রেজাউল ইসলাম, নুসরাত, মজিদ বাচ্চুসহ ২০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।



