শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে ছেলের মুগুরের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম জহুরা খাতুন (৪৩), তিনি ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্র জানায়, পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও তার মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারান তার মা। তবে এ সময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌঁড়ে পালিয়ে যান।
পরে এ ঘটনা প্রকাশ হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা সবাই মিলে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



