নড়াইলে আলাদা দু’টি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ দণ্ড দেন। যশোরের চৌগাছা থানার কারিগরপাড়ার জুয়েল রানা ও হুদাপাড়ার জহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত দু’জন পলাতক আছে। অপরজন যশোরের কোতয়ালি থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ নভেম্বর সকালে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় ইঞ্জিনচালিত করিমন গাড়িতে থাকা জুয়েল রানা ও জহুরুলের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দু’জনের নামে নড়াইল সদর থানায় মামলা হয়। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল।
দণ্ডপ্রাপ্ত কার্তিক দেবনাথকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।