গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সবুজ ফকির (২৪)। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামে। তিনি ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।
গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স মৃত্যুদণ্ডের আদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি ১৬৪ ধারায় নিজের জবানবন্দীতে গৃহবধূর হত্যার দায় স্বীকার করছেন। এ ছাড়া আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দিয়েছেন।



