মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়াত আলী সরকার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার খড়িয়ালা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আয়াত আলী সরকার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকার আব্দুল লতিফ সরকারের ছেলে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ জালাল জানান, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা পরিষদে নিজ বাড়ি থেকে যাওয়ার সময় বাহাদুরপুর থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন আয়াত আলী। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আয়াত আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় সিএনজি ও পিকআপটিকে আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।