জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ কর্তৃক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়া অভিযোগে উল্লেখ করেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবেসে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব দেন আমার উপর। ভোর থেকে ওই মাঠের শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিল। আমি শ্রদ্ধা নিবদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করতে থাকি। এতে পৌরসভার নাম পাঁচ নম্বরে ঘোষণা করা হয়। এতে ক্ষেপে গিয়ে উপস্থিত পৌর মেয়র আমাকে লাঞ্ছিত করে।
পরে এ বিষয়ে বিচার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে দেওয়ানঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহার সাথে ফোনে যোগাযোগ করে তার কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমার ভাবমূর্তি ও জনপ্রিয়তা নষ্ট করার জন্য প্রপাগান্ডা চালাচ্ছে। মাধ্যমিক শিক্ষা অফিসার একজন অসৎ এবং স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য। শহিদ মিনারে পৌরসভাকে ৫ নাম্বার তালিকায় ফেলে পুরো পৌরবাসীকে এবং পৌর প্রশাসনকে অসম্মান করেছেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা জানান, ঘটনার বিষয়ে আমার কাছে অভিযোগ দিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



