ঝালকাঠির নলছিটির সাইট পাকিয়ায় এক অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ওই চালকের অটোরিকশা চুরির জন্য তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে সাইট পাকিয়া এলাকায় রাস্তার পাশে সোবাহান খলিফা (৬০) নামের এই অটোরিকশা চালকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে পরে এই লাশ উদ্ধার করে।

সোবাহান খলিফা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর তিমিরকাঠি এলাকার বাসিন্দা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের ন্যায় শুক্রবারও তিনি অটো নিয়ে রাস্তায় বাহির হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

এলাকাবাসী জানান, হয়তো অটোরিকশা চুরির উদ্দেশ্যই অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পুলিশ জানায়, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেমের জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।