চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোট গ্রহণে প্রিজাইডিং অফিসারের তালিকায় আছেন দুইজন চেয়ারম্যান প্রার্থী। ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে তাদেরকে ইউপি নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট দুই চেয়ারম্যান প্রার্থী এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন- মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ। তিনি প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে সিধলা ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও মনাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কামরুজ্জামান সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, এ তালিকা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরবরাহ করা হয়েছে। তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানা ছিল না। এগুলো সংশোধন করা হবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, তফসিলের আগে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তালিকা সরবরাহ করা হয়েছে। ওই শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ বিষয়টি জানা ছিল না।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






