নওগাঁয় দু’চোখ উপড়ে ফেলা ও গোপনাঙ্গ কর্তন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নওগাঁ সদর উপজেলার লস্করপুর নামক মহল্লায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে যুবকের লাশ দেখতে পায় তারা। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা লাশটি চিনতে পারছে না। হয়তো অন্যকোনো এলাকায় বাড়ি হতে পারে ওই যুবকটির। এ ছাড়াও তার গোপনাঙ্গও কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।