নিরাপদ সড়কের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি কাউখালীতে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে ‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা সড়কে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান শ্রেণী পেশার মানুষ।
উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
বক্তব্যে বক্তারা দাবি করেন, লক্কর ঝক্কর মার্কা মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেওয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ও নেশাখোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেয়া বন্ধ করতে হবে, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের সাথে অসদাচারণ বন্ধ করতে হবে, অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে।






