যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগ মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কিনা তা আপনারাই মূল্যায়ন করবেন। মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশে নেতৃত্ব দেবে। যুবলীগের দু’টি দয়িত্ব, প্রথমত শেখ হাসিনাকে রাজপথে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করা আর দ্বিতীয়ত তার অর্জনগুলোকে রক্ষা করা।
সোমবার পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে আয়োজিত জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধনকালে শেখ পরশ এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের দলে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে শোষিত নিপীড়িত হয়েছেন। আমাদের উচিত তাদের সম্মান করা ও তাদের প্রকৃত মূল্যায়ন করা। এই সংগঠনে তারা এখনো শোষিত বঞ্চিত হবে আর দলে ভুইফোড় অনুপ্রবেশকারীরা রাজত্ব করবে এটা মানা যায় না।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল। অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন প্রমুখ।