নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান নিয়ন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের মোকলেছার রহমানের ছেলে। বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিয়নকে কেঁচি দ্বারা আঘাত করে গুরুতর আহত করে একই গ্রামের ইছহাক আলী এবং তার দুই ছেলে আসমাউল ও স্বাধীন। পুলিশ ইছহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও ছেলে স্বাধীনকে আটক করলেও ইছহাক ও বড় ছেলে আসমাউল পলাতক রয়েছে।
জানা যায়, বুধবার ভোর সাড়ে ৬টায় পূর্ব বিরোধের জেরে একই গ্রামের ইছহাক আলী ও তার ছেলেরা তাদের বাড়ির সামনে নিয়নের ওপর হামলা চালায়। এসময় তারা নিয়নের তলপেটে কেঁচি দিয়ে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, এ ঘটনায় খুরশিদা বেগম ও স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।