পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে তার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় নৌকা সমর্থককে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশীদ তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী ও সমর্থকরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী লিফলেট নিয়ে প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশীদ তালুকদারের সমর্থক বিপ্লব বেপারীর হাতের কব্জি কেটে যায়। ওই সময় তাকে এলোপাথাড়ি কোপানো হয়। এ কারণে তিনি মারাত্মকভাবে আহত হন। এরপর তাকে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, নৌকা সমর্থকের হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় মামলার প্রস্ততি চলছে।