ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকাল ১০টায় আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘন কুয়াশায় ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি নোঙ্গর করতে বাধ্য হয়।
এই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ফেরিঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় একটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে। পাটুরিয়া ঘাটে এই সময় পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে আটটি ফেরি যাত্রার জন্য অপেক্ষমান ছিলো। দুর্ঘটনা এড়াতে এই পথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
নৌপথ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, প্রাইভেট কার ও পণ্যবাহী ট্রাক মিলিয়ে প্রায় হাজারের বেশি যানবাহন আটকে পড়ে। নৌপথে কুয়াশার মাত্রা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে কুয়াশায় আটকে পড়ার কারণে ঘাটে যানজটের আশঙ্কা করছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া সন্ধ্যায় এই ঘাট পার হতে যাওয়া যানবাহন আবার কুয়াশার কারণে আটকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।






