রংপুর-হাটিকুমরুল-টাঙ্গাইলে নির্মাণাধীন ছয়লেন মহাসড়কের জন্য মিঠাপুকুরে অধিগ্রহন করা জমির ন্যায্যমূল্য নির্ধারণ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শঠিবাড়ী বন্দরে সকাল ১০টা হতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে হাজারের বেশি ব্যবসায়ী-কর্মচারী, জমি ও অবকাঠামোর মালিকগণ অংশ নেন।
ঢাকা-রংপুর মহাসড়কে শঠিবাড়ী জনতা ব্যাংকের সামনে থেকে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন তারা।
ব্যবসায়ী আব্দুল মতিন সরকার মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শঠিবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশেম আলী, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিক, ব্যবসায়ি সুবল চন্দ্র মহন্ত, প্রাণ গোবিন্দ, রিবু সরকার, ইউপি সদস্য মিজানুর রহমান, নাহিদ হাসান জেসি প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, শঠিবাড়ী বন্দর উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র। এই এলাকার জমির মূল্য অনেক বেশি। কিন্তু সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তা খুবই কম। এছাড়া, অবকাঠামো এবং ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণও কম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন হলে জমির মালিক ও ব্যবসায়ী চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই, জমির ন্যায্যমূল্য নির্ধারণ, অবকাঠামো ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অন্যথায় কোনোভাবেই মহাসড়কে জমি ছেড়ে দেয়া হবে না। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।






