ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নানী নাতিসহ পাঁচজন নিখোঁজ ও দু’জন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ছোটবগী ইউনিয়নের বগীরহাট এলাকার নানী রেখা বেগম (৪২) ও নাতি জুনায়েদ (৭) এবং নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে শিমু আক্তার (২৬) ও তার যমজ দুই নাতনী হাসি ও খুশি (৫) নিখোঁজ রয়েছে। শিমু আক্তার তার দুই যমজ কন্যা নিয়ে জামালপুর স্বামীর বাড়ি থেকে বরগুনাগামী লঞ্চে তালতলী আসছিলেন। আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আগাপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী দুলু বেগম (৫৫) এবং ছোটবগী এলাকার রাজ্জাক মিয়ার ছেলে মেহেদি হাসান (১০)। এ ছাড়াও দুর্ঘটনা থেকে ফিরে এসেছেন ছোটবগী ইউনিয়নের ব্যবসায়ী রুস্তুম আলী হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৩০), লালমিয়া ফরাজীর ছেলে নুহু ফরাজী (৩০), মৌপাড়া এলাকার মোস্তফা ফরাজীর ছেলে জুনায়েদ (২৬) ও মালিপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে জামাল (৪০)।