আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির আশংকায় ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সময় স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীরা ইতোমধ্যে বলে বেড়াচ্ছেন ১ ভোট পেলেও আমরা চেয়ারম্যান হবো। নৌকায় যারা ভোট দিবেন না তাদের ভোটকেন্দ্রে আসার দরকার নেই।’
সংবাদ সম্মেলনে তারা বলেন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেককেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তারা আরো বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে। আপনারা লেখালেখি করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে।’
‘আমরা অনেক হামলা শিকার। কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন, তিনি আশ্বস্ত করেছেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। আমরা আশা করবো তার কথাই যেনো সত্যি হয়। ভোটের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ ছাড়বো না। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে।’ বলেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রুহিয়া পশ্চিম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক, ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু, দেবীপুরের জয়নাল আবেদীন প্রমুখ ও জেলার মিডিয়া কর্মীগণ।



