মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের সমর্থক শরীফুল ইসলাম মোল্যা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শরীফুল ইসলাম শাবলাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্যার ছেলে।

আহতরা হলেন, শরীফুল ইসলাম মোল্যার ছেলে রাজীবুল হোসেন রাজীব (৩০), চাঁন আলী মোল্যার ছেলে বদরু উদ্দিন মোল্যা (৪৫), সাহাদৎ মোল্যার ছেলে আনিছুর রহমান (৪৫) ও মৃত বিশারত মোল্যার ছেলে মহাব্বত আলী মোল্যা (৩৫)।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস ও আহত রাজীব জানান, আধিপত্য বিস্তার নিয়ে তালখড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক মহব্বত ও আয়ুবের মধ্যে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহব্বত ও শরীফুল মোল্ল্যাসহ কয়েকজন শাবলাট বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একই গ্রামের আয়ুব বিডিআরের নেতৃত্বে একদল লোক এসে অর্তকিত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোটা দিয়ে তাদের মারধর ও কুপিয়ে আহত করে। এতে ওই চারজন আহত হয়। আহতদের বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো: শাহীনূর রহমান সোহাগ শরীফুল ইসলাম মোল্যাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাজীবসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আনিছুর রহমান, মহাব্বত আলী ও বদরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।