নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। সদরের ৯টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে চলছে এ ভোটগ্রহণ।
নির্বাচন নিয়ে শনিবার ‘প্রশাসনের করণীয়’ শীর্ষক এক ব্রিফিং করেছে জেলা পুলিশ। জেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি সুষ্ঠু ভোট উপহার দেয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে ১ লাখ ১১ হাজার ২৬৬ জন নারী, ১ লাখ ২২ হাজার ৫৩০ জনসহ ২ লাখ ৩৩ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০ হাজার ১৩ জন নারী ও ৭৫ হাজার ৬১১ জন পুরুষসহ মোট ভোটার রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২৪ জন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ কর্মকর্তা, ৩ জন কনস্টেবল, ৭ জন নারী সদস্য, ১৭ জন আনসারসহ মোট ২২ জন দায়িত্ব পালন করবে। পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্রাইকিং, সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও দায়িত্ব পালন করছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ



