ফেনীর সোনাগাজীতে ৯ ইউনিয়ন পরিষদের (ইইপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার। নির্বাচনে নৌকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে বহিরাগতদের তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইউনিয়নগুলোর বিভিন্ন স্থান থেকে ৫৩ বহিরাগতকে আটক করেছে পুলিশ।

সোনাগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ জানান, ৬ নং চরচান্দিয়া ইউনিয়ন, সোনাগাজি সদর ইউনিয়ন, চর দরবেশ ইউনিয়ন, মতিগঞ্জ ইউনিয়ন, চর মজলিশপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকার পক্ষে অবৈধ অনুপ্রবেশ, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন ও বহিরাগত প্রবেশের অপরাধে এখন পর্যন্ত মোট ৫৩ জনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

তবে আরো শত শত বহিরাগত নির্বাচন প্রভাবিত করতে প্রতিটি ইউনিয়নেই অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, বিরিঞ্চি থেকে আসা এই সব বহিরাগতরা নৌকার প্রার্থীদের আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান নিয়ে রাতে মুহুর্মুহু বোমার আওয়াজে পুরো উপজেলাকে প্রকম্পিত করে তুলেছেন।

অপরদিকে ভোটারদের লাঠি নিয়ে কেন্দ্র পাহারার সিদ্ধান্ত নেয়ায় এলাকায় উৎকণ্ঠা আরো বেড়ে গেছে। যে কোনো সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে নির্বাচনে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা ভোটারদের প্রতি বহিরাগতদের ছবি তুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার মাধ্যমে প্রশাসনের নজরে তা পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানান।

সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আরেফিন সুষ্ঠ নির্বাচন ও বহিরাগতদের গ্রেফতারের জন্য দাবি করেন।