দেশজুড়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়ায় দুই ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় লাভ করেন তারা।

চকরিয়ার বরইতলী ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন জামায়াত প্রার্থী ছালেকুজ্জামান। মোট সাত হাজার আট শ’ ৪২ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউদ্দিন চৌধুরী জিয়া পেয়েছেন চার হাজার আট শ’ দুই ভোট। বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী জালাল সিকদার পেয়েছেন তিন হাজার নয় শ’ ৯১ ভোট।

অপরদিকে খুটাখালী ইউনিয়নে নির্বাচনে জয়ী হয়ে নিজের আসন ধরে রেখেছেন বর্তমান চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আবদুর রহমান। তিনি মোট ছয় হাজার নয় শ’ ৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অধ্যাপক মঞ্জুর পেয়েছেন চার হাজার পাঁচ শ’ ৭৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী বেলাল আজাদ পেয়েছেন তিন হাজার তিন শ’ ১৭ ভোট।