বাউফল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বগা ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান, যুবলীগ নেতা জসিম, মিজান মোল্লা, সুমন ও আশ্রাফকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যলয় জনতা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন বাউফল পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে সোমবার বিকেল ৩টায় বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়। সভায় স্থানীয় এমপি আসম ফিরোজ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকসহ কয়েক শ’ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।