নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নৌকায় হাতি উঠলে নৌকা ডুবে যায়। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। জনগণের প্রয়োজনেই আমাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

এদিন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমাকে শামীম ওসমান ও পুলিশ প্রশাসনের সাথে যুদ্ধ করেই নারায়ণগঞ্জ শহরে হাঁটতে হয়েছে। আমি মানুষের ভালোবাসায় প্রার্থী হয়েছি। শামীম ওসমানের পায়ে আমি হাঁটি না নারায়ণগঞ্জ শহরে।’

তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেন কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করলেও নারায়ণগঞ্জের জনগণের চাহিদা ও তাদের আকাঙ্ক্ষার ব্যাপারে আমাকে সচেতন থাকতে হয়। জনগণের উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি। জনগণ আমার সাথে সম্পৃক্ত হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নাসিকের হোল্ডিং ট্যাক্স সবচেয়ে বেশি। এখানে নাগরিক সুবিধা কম। নারায়াণগঞ্জ সিটি করপোরেশন ২২ শতাংশ হোল্ডিং ট্যাক্স নেয়। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম নেয় ১৪ শতাংশ। আমি জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে নির্বাচন করছি।’

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের নেতারা প্রতীক, প্রার্থীসহ সমাবেশ করেছেন। আমরা ১৬ ডিসেম্বর ২০ হাজার লোকের সমাবেশ ঘটিয়েছি নারায়ণগঞ্জ শহরে, ইসির অনুরোধে আমি সেখানে যাইনি। আমি আইন মেনে চলেছি কিন্তু সরকার দলের প্রার্থী আইন মানছেন না।