পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপি আহূত সভাস্থলে হামলা ও ভাংচুর হয়েছে। এসময় ইটের আঘাতে একজনসহ পাঁচ নেতা-কর্মী আহত হওয়ার কথা জানিয়েছে বিএনপি। হামলার জন্য স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সভাস্থলে পুনরায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন।

বিএনপি নেতৃবৃন্দ জানান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের পূর্বনির্ধারিত সমাবেশ আজ মঙ্গলবার দুইটায় সময় নির্ধারণ রয়েছে। মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ চলছিল। বেলা ১১টার দিকে স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বেশকিছু নেতা-কর্মী অতর্কিতে মাঠে প্রবেশ করে লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে হামলা চালায়। সাথে ইটপাটকেলও নিক্ষেপ করে। ভাংচুর করা হয় মঞ্চের সামনের চেয়ার। এতে শ্রমিকদলের নেতা আনিচুর রহমানের মাথা ফেটে যায়। মারধর করা হয় সাদ্দামসহ আরো চার কর্মীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বিএনপির সভাস্থল অতিক্রমকালে মিছিল থেকে কিছু কর্মী মাঠে ঢুকে পড়ে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া করে। এসময় তারা মঞ্চের কাপড় ছিড়ে ফেলে এবং চেয়ার ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের হটিয়ে দেয়। ধাওয়ার মুখে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা দৌড়ে সভাস্থল ত্যাগ করলেও হামলাকারীরা চলে যাওয়ার পর তারা মাঠে ফিরে আসেন।

২টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২টায় বিএনপি তাদের সভার কার্যক্রম শুরু করে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চেীধুরী ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ অন্য নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

মাঠে ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে উত্তেজনা রয়েছে।