চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া থেকে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। সোমবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আটজন কিশোরকে আটক করা হয়।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে শহর-গ্রামের পাড়ার গলি, স্কুল-কলেজের গেট অথবা কোনো উদ্যানে ১১ থেকে ১২ ও ১৬ থেকে ১৭ বছরের দলবদ্ধ কিছু কিশোর দেখা যায়। যাদের চাহনিতে আছে রুক্ষতা, নেই নম্রতা-ভদ্রতার ছাপ। তারা অশ্লীল অঙ্গভঙ্গি, মোটরসাইকেলে বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন গ্রুপের সাথে জড়িয়ে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে থাকে। এসব অপরাধ দমনে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাহিকতায় সোমবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তদের কাছ থেকে ৭টি মোবাইল ও ১৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে এবং নিজেদের সংশোধনের জন্য র‌্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়। পরে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ঝিনাইদহ র‌্যাব-৬ চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদফতর, সিজিএম কোর্টের প্রবেশন অফিসারের নিকট এই আটজন কিশোরকে হস্তান্তর করে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।