হবিগঞ্জ শহরে সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে (২৮) দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে হবিগঞ্জ শহরের ব্যস্ততম টাউনহল রোডে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৫টার দিকে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মমিন উদ্দিন জানান- সাইফুল ইসলাম প্রয়োজনীয় কেনাকাটা করতে শহরের টাউনহল এলাকায় যান। রিক্সাযোগে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ হত্যাকাণ্ডের স্থানটি ইট দিয়ে ঘিরে রেখেছে। আশপাশের দোকানগুলোর সিসি টিভি পর্যালোচনা করা হচ্ছে।