বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, সময় থাকতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ করে দিন এবং নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে পালানোর পথটুকুও পাবেন না। বাধা সৃষ্টি করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত স্থানীয় হোটেল মল্লিকা ইনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, তাঁতী দলের যুগ্ম আহবায়ক এছাহাক আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আ স ফ কবির চৌধুরী শত, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন আহম্মেদ, মামুনুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি বায়েজিত হোসেন পলাশ প্রমুখ অনুপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল নওগাঁ নওজোয়ান মাঠে জেলা বিএনপির সমাবেশ ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গয়েশ^র চন্দ্র রায়ের। কিন্তু একই দিনে একই সময়ে এবং একই স্থানে জেলা যুবলীগ সমাবেশ আহবান করলে স্থানীয় প্রশাসন পৌর সভা এলাকায় ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।



