পটুয়াখালীর কলাপাড়ায় মুখোশধারীর ছুরিকাঘাতে বশির হাওলাদার (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বশির ওই এলাকার জব্বার হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বশির তাদের বাড়ির সামনের সড়ক দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় মুখ বাঁধা এক মুখোশধারী এসে তার বাম বুকে ও বাম হাতে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো: জসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।



