ভালুকায় মাটি ফেলে একটি সরকারি খাল ভরাট করে জমি জবরদখল করা হচ্ছে। এ দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আব্দুল মালেক মল্লিকবাড়ি-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নিচে খালে মাটি ভরাট করে সরকারি জমি জবরদখল করে নিচ্ছেন। মাটি ভরাটের ফলে সেতুর উইং ওয়াল মাটিচাপা পড়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপর দিকে মাটি ফেলে খাল ভরাট করায় বর্ষা এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। তা ছাড়া খাল ভরাট হওয়ার কারণে আবাদি জমিতে সেচ ব্যাহত হবে বলে এলাকার চাষিরা জানিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, একশ্রেণীর ভূমি ব্যবসায়ী বেশি মুনাফার লোভে জলাশয়, ফসলি জমি, খাল বিল ভরাট করে নিয়মবহির্ভূতভাবে জমির শ্রেণী পরিবর্তন করে চলেছেন। এতে পরিবেশ ও জীবনযাত্রার ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। ভরাট হওয়া ৩০টির মতো খাল উদ্ধারের জন্য বাপার উদ্যোগে এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন ও স্বারকলিপি দেয়া হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, খালে মাটি ভরাটের কাজটি তার নয়, খালের পাশে নিজস্ব জমিতে মাটি ফেলছেন তার ভাতিজা আব্দুল মালেক। তবে কিছু মাটি গড়িয়ে খালের জমিতে পড়েছে।
ভালুকা সহকারী কমিশনার (ভূমি) আদুল্লাহ আল বাকিউল বারী বলেন, খাল ভরাটের খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুনেছি কিছু মাটি সরানো হয়েছে। বাকি মাটি কয়েক দিনের মধ্যে না সরানো হলে ভরাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় সরকারি খাল ভরাট করে দখল
ভালুকায় মাটি ফেলে একটি সরকারি খাল ভরাট করে জমি জবরদখল করা হচ্ছে। এ দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার...



