নওগাঁর মহাদেবপুর উপজেলার বার্মা আবাসিক হোটেল থেকে রুস্তম আলী (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১টার দিকে হোটেলের ১ নাম্বার রুম থেকে লাশটি উদ্ধার করেন। নিহত রুস্তম আলী জেলার পতœীতলা উপজেলার মধইল এলাকার সাদেক আলীর ছেলে।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুস্তম আলী তার এলাকায় বসবাস করার সময় সংসারের দায়ে অন্যের কাছে থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেন পাওনাদার। সেই মামলার ভয়ে তিনি পালিয়ে বেশ কিছু দিন থেকে বার্মা আবাসিক হোটেলে আত্মগোপন করে বিভিন্ন বাজারে ছাগলের ব্যবসা করতেন। অন্যান্য দিনের মতোই তিনি মঙ্গলবার রাতে হোটেলের রুমে শুয়ে পড়েন। বুধবার সকালে তিনি ঘুম থেকে উঠেননি। তারপর হোটেলের আয়া রুমের বারান্দা পরিষ্কার করার জন্য গেলে দেখে তার মুখে ফেনা লেগে আছে। তাকে অনেকবার ডাকার পরও কোনো সাড়া না পাওয়ায় তার সন্দেহ হলে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষসহ বাজারের অন্য দোকানদাররা মিলে রুমে গিয়ে দেখে তার লাশ বিছানায় পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, সংবাদ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল তথ্য লিপিবদ্ধ শেষে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।