কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে ডাকা সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ চলছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিশেষ বক্তা হিসেবে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

এর আগে সকাল থেকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির ব্যানার, ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর ২টার আগেই মাঠ পূর্ণ হয়ে যায়।

সভায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম সভাপতিত্ব করছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল প্রমুখ।